আড়াইহাজারে গণধর্ষণের ঘটনা নিয়ে  সংঘর্ষে আহত ২৫, বাড়ি ভাঙচুর

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৮:৪৫

আড়াইহাজারে দফায় দফায় সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ সকাল ৯টা থেকে  শুরু হয়ে থেমে থেমে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের অন্তত ২০/২৫টি ঘর ভাঙচুর করা হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট উপজেলার কাকাইল মোড়া গ্রামের একটি গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় বিভক্ত হয়ে পড়ে কাকাইল মোড়া গ্রাম। ধর্ষণের ঘটনা নিয়ে কয়েক দিন আগে ওই গ্রামের জুলহাসের লোকজন ফেসবুকে বিচার চেয়ে স্ট্যাটাস দেয়। এতে বর্তমান মেম্বার লোকমান ও তার সহযোগী তোফাজ্জলসহ আরো কয়েকজনকে দায়ী  করে বিচার চাওয়া হয়।  এই নিয়ে লোকমান ও জুলহাসের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এক পর্যায়ে রবিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সংঘর্ষ থেমে থেমে চলে বিকাল পর্যন্ত। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে টেটাবিদ্ধ আবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে এবং বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ২০/২৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শওকত হোসেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ইত্তেফাক/ইউবি